
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭ কর্মীকে আটক করেছেন স্থানীয়রা। পরে আটকদের পুলিশে সোপর্দ করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ মহাসড়কে মশাল মিছিল ও বিভিন্ন ধরনের নাশকতা করছে। এতে কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পাশাপাশি স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হয়। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা দমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পালাক্রমে দায়িত্ব পালন করছে। তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিৱ করতে জড়ো হয়। এমন তথ্যের ভিত্তিতে দায়িত্বে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে নয়নপুর গিয়ে তাদের ধাওয়া দিয়ে ব্যানার ও ১০/১৫টি মশালসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। ব্যানার, মশাল জব্দ করা হয়েছে। আটকদের নাম-পরিচয় সনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানা যাবে।
সাংবাদিক আলমগীর
Reporter Name 


















