
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে নেত্রকোনা, রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রশাসনিক রদবদলের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে নতুন নেতৃত্ব আসছে। নতুন পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, তা এখন দেখার বিষয়।
Reporter Name 



















