
মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পার্ক ও আশপাশের এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা পরিদর্শন করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি মোহাম্মদ আলী শেখ, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভুট্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি যাত্রাবাড়ী পার্ক ও আশপাশের এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম বলেন, এলাকা পরিদর্শনকালে তিনি বিভিন্ন নাগরিক সমস্যা দেখতে পেয়েছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এলাকা ঘুরে আমি বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছি।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যাত্রাবাড়ী পার্ক ও সংলগ্ন প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অবৈধভাবে দখল করা ফুটপাত দ্রুত উচ্ছেদের কথাও জানান তিনি। স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী পার্ক ও আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে নাগরিকদের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে। প্রশাসকের নির্দেশের পর এসব সমস্যা দ্রুত সমাধান হবে বলে তারা আশা করছেন।
Reporter Name 

















