
কবির হোসেন : স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সাপের কামড়ে তাছলিমা বেগম (২৯) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তাছলিমা বেগম উপজেলার দক্ষিণ রাজারগাঁও খান বাড়ির বাসিন্দা ইউসুফ খানের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন তাছলিমা বেগম। প্রয়োজনীয় কাজ শেষে ঘরে ফেরার পথে হঠাৎ তার পায়ে কোনো কিছুর কামড় অনুভূত হয়। ঘরে ঢোকার পর পায়ে রক্ত দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাছলিমা বেগমের অকাল মৃত্যুতে তার স্বামী, দুই সন্তান ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 


















