
মো. জহুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:–
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাবের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, সেগুলোর সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জুন ২০২৬ মাসে প্রশংসনীয় কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হলো— শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং চৌকস কনস্টেবল।
কল্যাণ সভার শেষ পর্বে কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সম্প্রতি অবসরে যাওয়া তিনজন পুলিশ সদস্যকে সম্মাননা জানানো হয়। তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি (এমটি), রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স, আরও-১, কুষ্টিয়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা।
Reporter Name 


















