
খন্দকার আব্দুল জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হকের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ক এবং নবনিযুক্ত প্রতিনিধি আবু নাঈমকে এক জমকালো গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা গণঅধিকার পরিষদ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় আসার পথে বিভিন্ন স্থানে আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘ পথজুড়ে এ উষ্ণ অভ্যর্থনা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা, সদস্যসচিব মো. আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, সদস্যসচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক মহোদয় আমাকে গলাচিপার মানুষের কল্যাণে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় সাধনের যে দায়িত্ব দিয়েছেন, আমি তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব। দলমত নির্বিশেষে এ অঞ্চলের প্রতিটি নাগরিক যাতে সঠিক সেবা পান, তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবেন। এ সময় তিনি প্রতিমন্ত্রী নুরুল হকের হাতকে শক্তিশালী করতে এবং গলাচিপা-দশমিনার উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু নাঈম।
Reporter Name 


















