
মো:মিল্টন আলী স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬০/২৩-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি দল স্থানীয় আনোয়ারের ঘাসের জমিতে তল্লাশি চালায়। এ সময় জমির মধ্যে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৮ কেজি ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় গাঁজার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে বিজিবির এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
Reporter Name 


















