
স্টাফ রিপোর্টার:বাংলা ভাষা, সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় ব্যক্তিত্ব জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বাংলা একাডেমিতে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলা একাডেমির ড. মো. এনামুল হক ভবনের (আল মাহমুদ লেখক কর্নার) মিলনায়তনে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক সকালের সময় ও গ্রিন টিভির ক্রাইম রিপোর্টার খাইরুল আলম-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রদানকালে বিচারপতি মীর হাসমত আলী বলেন, দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আহমেদ রনি জনাব সাব্বির। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক; মো. শাকাওয়াত হোসাইন শুভ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যারেজ সলিউশন বিডি; এস. এম. মোর্তুজা আলম (বুলবুল), ম্যানেজিং পার্টনার ও সিইও, স্মার্ট লিভিং প্রপার্টিজ; অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মো. জামাল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফিমেল একাডেমি (বিএফএ); এবং শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবিনাশ চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক এবং জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। সার্বিক সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন ভাষাবিজ্ঞানী নন, তিনি ছিলেন বাঙালির জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ ও গবেষণাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, গবেষক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, ড. মুহাম্মদ শহীদুল্লাহর আদর্শভিত্তিক গবেষণা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Reporter Name 



















