
মোঃ শাকিল খান রাজু মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় আকৃতির মাছটি দেখতে রামনেওয়াজ ঘাটে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে আরিফ মাঝি। জাল গোটানোর সময় তাঁর জালে উঠে আসে বিশাল আকৃতির পাঙাশটি। পরে মাছটি দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে মোট ২০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। জেলে আরিফ মাঝি বলেন, সকালে জাল গোটানোর সময় বিশাল পাঙাশটি দেখতে পাই। ঘাটে নেওয়ার পর মাছটি বেশ ভালো দামেই বিক্রি করতে পেরেছি। মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার জানান, নদীর বড় আকৃতির পাঙাশের চাহিদা অনেক বেশি। তাই অধিক লাভের আশায় মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও মাঝেমধ্যেই জেলেদের জালে বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে। নদী রক্ষা ও অভয়াশ্রমের পরিবেশ বজায় রাখা গেলে সামনে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।
Reporter Name 























