
মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে আশ্বাস দিয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৮ এর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মোছাঃ মমতাজ আলো। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সাত উপজেলার ভাগ্যাহত মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া, মোজাহারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল প্রামানিকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে নিয়ে কটাক্ষ করলেও বর্তমানে তারাই ওই কর্মসূচিতে অংশীদার হওয়ার চেষ্টা করছে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নেওয়া প্রয়োজন।
সভা শেষে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে একটি নিম ও একটি আমগাছের চারা রোপণ করেন এমপি মমতাজ আলো।
পরে তিনি উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ২৫ কেজি ওজনের শতাধিক শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 

























