
তালতলী প্রতিনিধি: এইচ এম রবিউল ইসলাম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা শাখার আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব জনাব হুমায়ূন হাসান শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। সাক্ষাৎকালে নবগঠিত কমিটির পক্ষ থেকে দুই নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে অধিক গুরুত্ব, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, দক্ষ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারের প্রণীত শিক্ষা-সংক্রান্ত নীতিমালা, বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জন এবং শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে, নজরুল ইসলাম মোল্লা ও হুমায়ূন হাসান শাহীন নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। সাক্ষাৎ শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণমূলক আলোকচিত্র ধারণ করা হয়।
Reporter Name 



















