
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুইজন ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং এসআই শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তারের পর তার হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















