
মোঃ সোহাগ মিয়া : সিলেট মহানগর প্রতিনিধি :: সিলেট নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক এএসআই গান গাওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব বাদ দিয়ে ইউনিফর্ম পরে গান গাওয়ার কারণে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। অভিযোগ ওঠা সহকারী উপপরিদর্শকের (এএসআই) নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় কর্মরত। জালালাবাদ থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুক। ওইদিন মণ্ডপে পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে তিনি পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন। তার গান গাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় গত মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















