
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার যৌতুকের দাবি ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি শেখ আলমগীর আশরাফ। দণ্ডিত আব্দুর রউফ সরদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। মামলার এজাহারের বরাতে সরকারি কৌঁসুলি আলমগীর আশরাফ বলেন, কালিগঞ্জ উপজেলার তারালি সরদার পাড়ার বাসিন্দা জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) ঘটনার সাড়ে তিন বছর আগে কালিগঞ্জের ঘোনা গ্রামের আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি দেখা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, আসামির মায়ের চিকিৎসার খরচের জন্য ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে এক পর্যায়ে সাবিনা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাইকেলের শব্দ শুনে জেগে ওঠেন জাহানারা খাতুন। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মেয়ে সাবিনা ইসলাম ও নাতনি আয়েশা সিদ্দিকাকে খাটের ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় জাহানারা খাতুন থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। মামলার নথি অনুযায়ী, জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছেন।
Reporter Name 



















