
সোহেল রানা স্টাফ রিপোর্টার নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হ্যান্ডকাফ পরিয়ে ছিনতাইয়ের ঘটনায় ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ছিনতাই করা স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ ২৯ আগস্ট (২০২৬) সকাল ১১:০০ ঘটিকার দিকে মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামিরা হলো— দিনাজপুর জেলার বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোঃ মানিক হোসেন (৩৪), একই থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মোঃ এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মোঃ ইউসুফ খলিফার ছেলে মোঃ মাহবুব হাসান মুন্না (৩৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিবি পুলিশ পরিচয়ে আসামি ৩ জন বিপুল কুমারের ঘরে প্রবেশ করে। তারা বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে পরিবারটিকে জিম্মি করে ফেলে। এরপর ভীতি প্রদর্শন করে বাড়ির প্রতিটি কক্ষ ও আসবাবপত্র তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিপুল ও স্থানীয় লোকজন ধাওয়া শুরু করেন। একপর্যায়ে সকাল ১১:৪০ ঘটিকার দিকে প্রতিবেশী বাঘমারা থানার সিমলা বাজার এলাকায় স্থানীয় জনতা ৩ ভুয়া পুলিশকে ঘিরে ফেলে আটক করে এবং উত্তম-মাধ্যম দেয়। সংবাদ পাওয়া মাত্রই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে বাঘমারা থানা পুলিশের সহযোগিতায় আসামিদের হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 


















