
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। বাড়ির ভেতরেই মাদকের মজুত! ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১২২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো: রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং মো: রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। ১২২ কেজি গাঁজার এই চালানের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Reporter Name 


















