
জয়নাল আবেদীন রাজু, নিজস্ব প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ২নং ইউনিয়নের চর ধুপতি এলাকায় একটি বসতঘরে চুরির অভিযোগে আটক এক যুবককে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইমাম হোসেন (২০)। তিনি বরগুনা সদর উপজেলার ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লেমুয়া এলাকার মোঃ মজিবর শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরগুনা থানাধীন ২নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ধুপতি এলাকায় মোঃ রুহুল আমিন আকনের বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে ইমাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। সংবাদ পেয়ে বরগুনা থানার এসআই (নিঃ) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ অনুযায়ী, তিনি ওই বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন এবং আলমারি থেকে বিভিন্ন মালামাল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আসামিকে আদালতে সশরীরে হাজির করা হলে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান মামলাটি সামারি ট্রায়ালের মাধ্যমে নিষ্পত্তি করেন। আদালত পেনাল কোডের ৪৫৪ ধারায় অভিযোগ গঠন করে ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। ঘটনার বিষয়ে বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান এবং আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Reporter Name 


















