
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২ লাখ ৮৮ হাজার ৫১৮ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীন ভোমরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, ভোমরা আইসিপি এলাকায় সীমান্তের মেইন পিলার ৩ থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৫১৮ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, পাতার বিড়ি, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ নম্বর আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজহারুল
Reporter Name 


















