
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর থেকে ক্যাম্পাস এলাকায় শুরু হওয়া এই উত্তেজনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে কলেজ প্রশাসন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ হস্তক্ষেপে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি কার্যক্রম উপলক্ষে গত তিন দিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে হেল্পডেস্ক পরিচালনা করে আসছে ছাত্রদল। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি রবিবার নতুনদের শুভেচ্ছা জানাতে একটি মিছিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের আহমেদ বলেন, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষার্থীদের যাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তবে আহত ও জড়িতদের নিজস্ব মতাদর্শ থাকলেও তারা সাধারণ শিক্ষার্থী। পরবর্তীতে ছাত্রদল, ছাত্রশিবির, কলেজ ও থানা প্রশাসন একত্রে বসে বিষয়টি সমাধান করে নিয়েছে। অন্যদিকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মারুফ হোসেন পিয়াস বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত সাধারণ একটি মিছিলে শিক্ষার্থীরা আসার সময় তাদের বাধা দেওয়া হয়। তা থেকেই বাকবিতণ্ডা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি। তবে থানার ওসি ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করেছি। কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন জানান, এটি ছিল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি। এতে রাজনৈতিক কোনো বড় ইস্যু ছিল না। অধ্যক্ষ মহোদয় ও পুলিশ যৌথভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. রুহুল আমিন জানান, সারাদিন অভিভাবক দিবস ও ভর্তি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর হোস্টেল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি নিরসন করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Reporter Name 


















