
এস এম জসিম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম মহানগরী এলাকায় আসন্ন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ০৩.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।
Reporter Name 


















