
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় প্রতিবেশীরা পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। নিহত সবুজ মিয়া মৃত আবুল হোসেনের ছেলে। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সবুজ মিয়া মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং স্থানীয় কিছু বখাটে যুবকের সংস্পর্শে এসে মাঝেমধ্যে মাদক সেবন করতেন। নিহতের স্ত্রী ও মা অভিযোগ করে বলেন, “এলাকার কিছু বখাটের সাথে মিশে সবুজ অনলাইন জুয়া ও নেশায় আসক্ত হয়েছিল। গত রাতেও সে ওই বখাটেদের সাথে বাইরে যায় এবং রাতে আর বাড়িতে ফেরেনি। মাঝেমধ্যে এমন করলেও এভাবে সে আর কখনো নিখোঁজ থাকত না। ওই বখাটেরাই পরিকল্পিতভাবে সবুজকে খুন করেছে।” খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, মরদেহের শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম জানান,আমি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এবং তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















