
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হালুয়াঘাটের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। কন্যাশিশুরা যেন কোনো ধরনের বৈষম্য, অবহেলা, নির্যাতন কিংবা সামাজিক প্রতিবন্ধকতার শিকার না হয়, সে বিষয়ে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিশুদের মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ কন্যাশিশুর সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে বাল্যবিবাহ এবং সব ধরনের বৈষম্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের বেড়ে ওঠার জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে। তিনি আরও বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষায় শুধু দিবস পালন করলেই চলবে না; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নির্যাতন প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুরা যেন শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে। সভায় কন্যাশিশুর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, তাদের মতামতের মূল্যায়ন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কন্যাশিশুর প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল আচরণ, সচেতনতা বৃদ্ধি এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 


















