
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (কৃষক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপুল সিকদার ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বিনোদ সিকদার এবং মায়ের নাম শান্তি সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর রোববার বেলা আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হন বিপুল সিকদার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি অন্যান্য পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Reporter Name 


















